টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:১৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:১৭:৫৩ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা লাল চান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাছিমা আক্তার (৫০)। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের মেয়ে তানিশার (১৬) মৃত্যু হয়।

তানিশা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিন সদস্যেরই মৃত্যু হলো।

নিহতদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার কুলিপাড়া গ্রামে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাঁদের মধ্যে লাল চান মিয়া ও তাঁর স্ত্রী নাছিমা বেগম বুধবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে শুক্রবার তাঁদের মেয়ে তানিশার মৃত্যু হয়। নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) ভোরে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়ায় ফখরুল ইসলামের বাড়িতে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নাছিমা বেগম, তাঁর স্বামী লাল চান মিয়া ও মেয়ে তানিশা দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন। পরে তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০