বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৯:৩১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৯:৩১:২১ অপরাহ্ন

বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।

কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সৈকত ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত বিচ ফুটবল প্রতিযোগিতায় চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আটটি দল। বিকেলে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাতে তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবারও দিনভর নানা কর্মসূচি চলবে।

কার্নিভাল ঘিরে কুয়াকাটার সৈকত, ঝাউবাগান, লেম্বুর বন, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। কেউ সমুদ্রে গোসল করছেন, কেউ খেলাধুলা ও ছবি তোলায় ব্যস্ত। আবার অনেকে উপভোগ করছেন সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য। উৎসবের আয়োজন তাঁদের ভ্রমণে বাড়তি আনন্দ যোগ করেছে।

পর্যটকদের ব্যাপক সমাগমে কুয়াকাটার অধিকাংশ আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। ফলে আগাম বুকিং ছাড়া আসা পর্যটকদের কেউ কেউ আবাসনসংকটে পড়ছেন।

এদিকে পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে কিছু হোটেলে অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবার ও পরিবহণের ক্ষেত্রে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭০০ সদস্য মোতায়েন রয়েছেন। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান যুগান্তরকে জানান, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা-পুলিশ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে বিচ ফুটবল, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুঁথিপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, ভলিবল, সেলিব্রিটি বিচ ক্রিকেট, ফ্যাশন শো ও আতশবাজি প্রদর্শনীসহ নানা আয়োজন রাখা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে পর্যটকদের বিনোদনের পাশাপাশি কুয়াকাটার পর্যটনশিল্পের প্রসার ঘটবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০