পাটগ্রাম সীমান্তে পাথর শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১১:০৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১১:০৬:২১ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পাথর উত্তোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের পশ্চিম বামনদল গ্রামের বিপরীতে ভারতের মেখলিগঞ্জ মহকুমার বিএসবি বাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পশ্চিম বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর সাবপিলার-সংলগ্ন সানিয়াজান নদীর শূন্যরেখা এলাকায় কয়েকজন বাংলাদেশি শ্রমিক প্রচলিত পদ্ধতিতে পাথর উত্তোলন করতে যান। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবি বাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের বাধা দেন। পরে শ্রমিকদের ধাওয়া করলে তাঁরা বাংলাদেশ অংশে চলে আসেন।

বিজিবির ভাষ্য অনুযায়ী, এরপর বিএসএফ সদস্যরাও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয় ১৫ থেকে ২০ জন বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে তাঁদের প্রতিরোধ করেন। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দ্রুত নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যায় সংশ্লিষ্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত অতিক্রম ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানায় বিজিবি। তবে বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম ও গ্রেনেড নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাথর উত্তোলনের সময় বিএসএফ বাধা দেয়। এ সময় ঢিল ছোড়ার ঘটনা ঘটলে বিএসএফের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তারা সাউন্ড গ্রেনেড ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিজিবি ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদপত্র দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০