চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। উদ্ধার করা চুড়িগুলোর ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। বেলা ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা যাত্রী মো. শরিফ বিমানবন্দরে অবতরণ করেন।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ওই যাত্রী স্বর্ণালংকারের ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে সন্দেহের ভিত্তিতে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তাঁর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা চুড়িগুলোর মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।