জমি নিয়ে বিরোধ: পরিস্থিতি শান্ত করতে গিয়ে হামলায় প্রাণ গেল শিক্ষকের

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৪:১৬ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন রায় চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত আজিজুল মাস্টারের বসতবাড়ি-সংলগ্ন রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর সহযোগীদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসা করে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়।

অভিযোগ অনুযায়ী, এ সময় আসাদুজ্জামান ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন রায়ের ওপর হামলা চালান। তাঁকে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০