লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৯:২৭ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম ও আফসার আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। সীমান্তের কাছাকাছি গিয়ে তিনি দেখতে পান, একটি বাঘ ছাগলকে আক্রমণ করছে। এ সময় ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে।

শরিফার চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। তখন বাঘটি তাঁদের ওপরও চড়াও হয়। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়দের ধাওয়ায় বাঘটি সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরাও রয়েছেন। আহতদের পরিবারের সদস্যরা তাঁদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০