নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৬:৩৪ অপরাহ্ন

প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগারে পাঠানো দুজন হলেন মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলামের দাবি, গাড়িটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়নি।

আইনজীবীর ভাষ্য, ২০০৮ সালে মান্নার মৃত্যুর পর গাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। মেরামতের সময় যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। এ মামলায় বুধবার তাঁদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন মান্নার স্ত্রী। গাড়ি থেকে তেল পড়ায় ভবন কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরে মান্নার স্ত্রী ব্যবস্থাপক মামুনকে গাড়িটি ভবনের বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামত করতে বলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ না করে সোমবার মামুন টেকনিশিয়ান সোহেলকে নিয়ে ভবনের গ্যারেজেই গাড়ি মেরামতের কাজ শুরু করেন। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। পাশের একটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা ও গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের কয়েকটি অংশের কাচও ভেঙে যায়। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভবনটির ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। পরে বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। বাইরে নিয়ে মেরামতের কথা থাকলেও মেকানিক ডেকে ভবনের গ্যারেজেই কাজ শুরু করা হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০