আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে সম্ভাব্য বিদায়ী ম্যাচের আগে নিজ শহর রোজারিওতে ফিরেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকালে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে রোজারিওতে পৌঁছান মেসি। সেখান থেকে তার বুয়েনস এইরেসে গিয়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার প্রস্তুতির অংশ হিসেবেই দেশে ফিরেছেন মেসি। তবে জাতীয় দলের পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সমঝোতার ভিত্তিতে বেনিনের বিপক্ষে ম্যাচটিকেই মেসির সম্ভাব্য বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ কারণে এখনো এজেইজায় আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন কেন্দ্রে যোগ দেননি মেসি। তবে শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
জাতীয় দলের হয়ে মেসির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পরও তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে গেছেন। তবে বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে বিভিন্ন সময় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেনিনের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত মেসির বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ হয় কি না, তা নির্ভর করছে তার অংশগ্রহণ ও পরবর্তী সিদ্ধান্তের ওপর।
স্পোর্টস ডেস্ক