ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুর রহিমের ছেলে এবং চৈতনখালি মসজিদের ইমাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া গোপনে বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। পরে তিনি একটি কক্ষে গিয়ে সেখানে থাকা ওই প্রতিবন্ধী নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ। একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দারা সেখানে গিয়ে রুবেলকে আটক করেন।
পরে তাকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারের পর রুবেল মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কোনো খারাপ উদ্দেশ্যে তিনি বৃদ্ধাশ্রমে প্রবেশ করেননি। আশ্রিতদের সেবার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন বলে দাবি তার।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীকে শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জি বাংলা ডেস্ক