পর্দা কাঁপানো অভিনেতা হিসেবে যাদের নাম দর্শকের মনে গেঁথে আছে, তাদের অন্যতম জাহিদ হাসান। দীর্ঘ অভিনয়জীবনে নাটক ও সিনেমায় নানা চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন দর্শকের ঘরের মানুষ। আজ ৪ অক্টোবর তাঁর জন্মদিন। ৬০ বছরে পা রেখে অতীতের নানা ভুলের জন্য অনুতপ্ত এই অভিনেতা।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, ‘জীবনে অনেক ভুল করেছি। মানুষ ভুল করবে, সেটাই স্বাভাবিক। আমিও মানুষ। বিগত দিনের ভুলের জন্য কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। আগামী জীবনটা যেন মানুষের জন্য কিছু করতে পারি। জীবনটা যেন মানুষের কাজে আসে।’
জীবনভর সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন বলেও জানান জাহিদ হাসান। তাঁর ভাষায়, ‘আমি সব সময় চেয়েছি, সবাইকে নিয়ে ভালো থাকতে। সেই চেষ্টা এখন আরও বেশি। আমার কাছে মনে হয়, সবাইকে নিয়ে এগোনোর চিন্তা করলে দেশেরও উন্নতি হবে।’
আশির দশকের শেষ দিকে অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন জাহিদ হাসান। এই শহরে তাঁর একমাত্র অবলম্বন ছিল অভিনয়ের স্বপ্ন। দীর্ঘ পথ পেরিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।
দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে জাহিদ হাসান এখন দেশের পরিচিত ও প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের একজন। জন্মদিনে অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ জীবন মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
বিনোদন ডেস্ক