একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
রোববার (৪ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কেসি উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় মৎস্য প্রকল্প ‘রহমত ফিশারিজ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. খন্দকার মারুফ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি অতীতে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং টেকসই উন্নয়নে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রতিকূল ও ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে প্রতিবারই বিএনপি দেশকে উত্তরণের পথে নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সরকার দেশে টেকসই উন্নয়ন ও বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. খন্দকার মারুফ বলেন, প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে উন্নয়নের রাজনীতি, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুস্থ ধারার রাজনীতির চর্চা করছে এবং জনগণ এতে সমর্থন দিচ্ছে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। অতীতের বিএনপি সরকার পাবলিক পরীক্ষা নকলমুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওই সরকারের সময়ে শিক্ষাঙ্গণে অরাজকতা সৃষ্টি এবং পাসের হার বাড়ানোর মাধ্যমে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে তারা কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ ও উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. খন্দকার মারুফ। তিনি বলেন, নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হজরত আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমেন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনন্দ।
অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতার শেষ দিকে ড. খন্দকার মারুফ জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষিদ্ধ সংগঠনের সহিংসতা ঠেকাতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জি বাংলা ডেস্ক