যশোরের চৌগাছায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির মালিক। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতার মারধরে তিনি গুরুতর আহত হন।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙতে দেখেন। তিনি ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের ধাওয়া করেন এবং একজনকে ধরে ফেলেন। বাকি দুজন পালিয়ে যান। তাঁর দাবি, প্রায় এক বছর আগেও তাঁর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের ভেতরে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জি বাংলা ডেস্ক