আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য পাচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচনায় আসার পর এবার ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি।
রোববার (৪ অক্টোবর) নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। তিনি লিখেছেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন “মাস্টার” সিনেমাটির সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’
ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘মাস্টার’। প্রতিযোগিতায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা থাকলেও জুরি সেরা চলচ্চিত্র হিসেবে ‘মাস্টার’কে নির্বাচিত করে।
পুরস্কার দেওয়ার কারণ ব্যাখ্যা করে জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়, স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার অসাধারণ সক্ষমতার জন্য সিনেমাটিকে পুরস্কৃত করা হয়েছে। সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মাধ্যমে একজন শিক্ষককে কেন্দ্র করে সততা, সামাজিক ন্যায়বিচার ও ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
জুরি আরও উল্লেখ করে, মূল চরিত্রের আদর্শ সমাজ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করলেও ব্যক্তিস্বার্থকে জনকল্যাণের ওপর প্রাধান্য দেওয়া একটি রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় তা বাধাগ্রস্ত হয়। দুর্নীতির কাছে তাঁর নতি স্বীকারের মধ্য দিয়ে যে বাস্তবতা তুলে ধরা হয়েছে, তা বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে পরিচিত বলেও মন্তব্য করে জুরি।
এবারের লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্ব চলচ্চিত্রের দুই বিশিষ্ট নির্মাতা নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও নতুন সিনেমা নিয়ে উৎসবে উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার পর নিজের পুরো কলাকুশলী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমিত। তিনি বলেন, ‘আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা; সত্যিই অসাধারণ ছিল আপনাদের ডেডিকেশন!’
আন্তর্জাতিক উৎসবে সাফল্য পেলেও ‘মাস্টার’ এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। নির্মাতার ভাষ্য, দেশে সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ার পরই দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আনা হবে।
‘মাস্টার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না ও মাহমুদ আলমসহ অনেকে।
বিনোদন ডেস্ক