জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজে গোপন দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ।
দুদক জানায়, অভিযানের সময় অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য এনসিটিবি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা এবং ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণী রয়েছে।
সংস্থাটি আরও জানায়, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্রগুলো এনফোর্সমেন্ট টিম বিস্তারিতভাবে যাচাই-বাছাই করবে। নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের বিষয়ে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, নথি যাচাইয়ের পর অভিযোগের সত্যতা ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
জি বাংলা ডেস্ক