দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু হয়েছে। কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক সেবাদানকারী ব্যাংক পৃথক বিজ্ঞপ্তিতে সেবা স্বাভাবিক হওয়ার তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকেরা আগের মতো লেনদেন করতে পারবেন।
রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন শুরু করার কথাও জানানো হয়।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তব্যাংক লেনদেন ব্যাহত হয়।
প্রাথমিকভাবে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা দিয়ে জানানো হয়েছিল, এসব সেবা ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হতে পারে। তবে গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সেবা চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে পাঠানো হয়। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির মাধ্যমে দ্রুত কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল হওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।
জি বাংলা ডেস্ক