কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২৫২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন উপজেলার যেসব স্থানে কিশোরদের উৎপাত ও আড্ডার অভিযোগ রয়েছে, সেসব স্থানকে কেন্দ্র করে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি মাঠে থেকে অভিযান তদারকি করেন।
আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই এবং অপরাধে তাঁদের সম্পৃক্ততা নিরূপণের কাজ চলছে। তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। কিশোর অপরাধ নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর।
তবে অভিযানের নামে কোনো সাধারণ বা নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।
জি বাংলা ডেস্ক