রাজধানী ঢাকায় অটোরিকশা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের অনেকে এখন রিকশাচালক হিসেবে কাজ করছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়েও সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, “যারা ছয়টা সিট পেয়েছে, তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।”
সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ আয়োজনেরও সমালোচনা করেন নূরুল ইসলাম মনি।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তাঁর দাবি, প্রতিবারই বিএনপি দেশকে সেই সংকট থেকে টেনে তুলেছে। বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার সরকারের সময়কার নীতির কারণে দেশে বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে বলেও দাবি করেন চিফ হুইপ। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হামের টিকাদান নিয়েও বক্তব্য দেন নূরুল ইসলাম মনি। তাঁর দাবি, গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি। যথাযথভাবে টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর পরিণতি ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জি বাংলা ডেস্ক