চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ ও তাঁর ক্যাম্পাসে প্রবেশ নিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। নিয়োগ পাওয়া উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তি রয়েছে দাবি করে তাঁকে অপসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন সাদিক কায়েম।
পোস্টে তিনি অভিযোগ করেন, চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও নিয়োগ পাওয়া উপাচার্য পদে থাকতে চাইছেন। তাঁর দাবি, সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘সাধারণ শিক্ষক’ পরিচয়ে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেন।
সাদিক কায়েম আরও অভিযোগ করেন, গত আট মাসে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার বদলে দলীয় আনুগত্যকে গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদল প্রশাসনের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে।
ফেসবুক পোস্টের শেষাংশে চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপাচার্যের অপসারণ দাবি করেন ডাকসুর ভিপি।
জি বাংলা ডেস্ক