দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন নির্মাতারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে নিজের বিনয়ী স্বভাবের রহস্যও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমার রজনীকান্তকে প্রশ্ন করেন, তাঁর বিনয়ী স্বভাব কি সহজাত, নাকি অন্যদের কথা ভেবে নিজেকে সেভাবে ধরে রাখেন?
জবাবে রজনীকান্ত বলেন, তারকা হলেও অভিনয় করতে তিনি খুব ভালোবাসেন। তবে বাস কন্ডাক্টরের কাজ করতে তাঁর আরও বেশি ভালো লাগত।
অভিনেতা বলেন, ‘পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারিনি।’
রজনীকান্ত আরও বলেন, তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি—সবই ঠিক আছে। কিন্তু নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই তাঁর বেশি ভালো লাগে। এ কারণে তিনি প্রায়ই বেঙ্গালুরু যান।
তাঁর ভাষায়, কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। তিনিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখেন। তাই তাঁর মতো একজন বাস কন্ডাক্টর পরিচালক নেলসনের মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবেন—এমন মন্তব্যও করেন তিনি।
রজনীকান্তের কথা শুনে হেসে ফেলেন নেলসন দিলীপকুমার। সিনেমার দলের সদস্যরাও হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন। পরিচালক বলেন, ‘স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।’
কন্ডাক্টর থেকে সুপারস্টার
বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে জন্ম রজনীকান্তের। ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তাঁর।
পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে নানা ধরনের কাজ করেছেন রজনীকান্ত। কুলি থেকে বাস কন্ডাক্টর—বিভিন্ন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনার সুবাদে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান।
পরিচালক কে বালচন্দরের নজরে পড়ার পর বদলে যায় তাঁর জীবনের গতিপথ। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। এরপর ধীরে ধীরে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন তিনি।
বিনোদন ডেস্ক