মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশে গাড়িচালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওসমান গনির আচরণ ও চালচলন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে তিনি কী ধরনের মাদক সেবন করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
জি বাংলা ডেস্ক