দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের ৮৬টি দুর্গাপূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দিনাজপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় পূজা উপলক্ষে মোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ব্যাটালিয়ন সদর এলাকায় ২২টি, বিরল ও বোচাগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের মধ্যে ৬৪টি আন্তর্জাতিক সীমারেখার খুব কাছাকাছি অবস্থিত।
এ পরিস্থিতিতে পূজার পুরো সময়জুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির টহল দল দিনরাত নিরবচ্ছিন্নভাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় কাজ করছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত টহল তৎপরতা জোরদার থাকবে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিমূলক পরিবেশ বজায় রাখতে কাজ করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবির ভূমিকা নিশ্চিত করতে বাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম অগ্রাধিকার।
জি বাংলা ডেস্ক