ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

স্কুলশিক্ষিকাকে বিএনপি নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৫৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৫৪:৩৪ অপরাহ্ন
স্কুলশিক্ষিকাকে বিএনপি নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষেই এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিড়নাল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত বিএনপি নেতার নাম আবজাল মোল্লা। তিনি দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অন্যদিকে, ভুক্তভোগী একরামুন্নেছা বিউটি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান শিক্ষক আওলাদ হোসেন দপ্তরিকে দিয়ে সহকারী শিক্ষক একরামুন্নেছা বিউটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে বিএনপি নেতা আবজাল মোল্লা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন, কমিটির তিন সদস্য এবং কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটি নিয়ে কিছুদিন আগে একরামুন্নেছা বিউটি বাজে মন্তব্য করেছেন—এমন অভিযোগ তুলে আবজাল মোল্লা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি শিক্ষিকার ওপর চড়াও হন। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গেও বিউটির উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটির অভিযোগ, ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আবজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে বুধবার তাঁকে অপমান ও মারধর করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত অন্য শিক্ষকেরা বাধা দিতে গেলে তাঁদেরও গালিগালাজ করেন আবজাল মোল্লা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষে কয়েকজন শিক্ষক ও অন্য ব্যক্তিরা বসে আছেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে আবজাল মোল্লাকে সহকারী শিক্ষক একরামুন্নেছা বিউটিকে মারধর করতে দেখা যায়।

একরামুন্নেছা বিউটি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ থেকে ১৫ বছর কমিটিতে ছিলেন—এমন অভিযোগ তুলে তাঁকে চোর আখ্যা দেওয়া হয়। বর্তমানেও বিএনপি নেতার কথায় বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদ করায় সবার সামনে তাঁকে তিনটি থাপ্পড় মারা হয়। আবজাল মোল্লা তাঁকে প্রায়ই ধমক দিতেন বলেও অভিযোগ করেন এই শিক্ষিকা। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবজাল মোল্লা বলেন, ওই শিক্ষিকা তাঁকে নিয়ে বাজে মন্তব্য করায় তিনি উত্তেজিত হয়ে একটি থাপ্পড় দিয়েছেন। কাজটি ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।

ঘটনার পর বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন বলেন, শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল মোল্লাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নুর আলম বলেন, বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষকের কক্ষে, তাঁর সামনে বাইরে থেকে এসে একজন শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম