ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন
ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর

বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর ল্যুভরে আলোচিত চুরির ঘটনার এক বছর পরও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন একসময়ের দুর্ধর্ষ শিল্পকর্ম চোর ডাচ নাগরিক অক্টাভ ডারহাম। তাঁর দাবি, ল্যুভরের নিরাপত্তাব্যবস্থায় এখনো বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বছরের চুরির ঘটনার পরও ল্যুভরের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের ফাঁক রয়েছে বলে মনে করেন ৫৩ বছর বয়সী ডারহাম। তাঁর প্রশ্ন, ‘নিরাপত্তার দায়িত্ব দিতে তারা আমার কাছে আসে না কেন?’

ডারহাম কোনো নিরাপত্তা বিশেষজ্ঞ বা প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী নন। একসময় তিনি শিল্পকর্ম চুরির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে অপরাধজগৎ থেকে অবসর নেওয়ার দাবি করা ডারহাম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ডাচ লুপিন’ নামে পরিচয় দেন। নেটফ্লিক্সের জনপ্রিয় ফরাসি সিরিজে অভিনেতা ওমর সি অভিনীত ভদ্রবেশী চোরের চরিত্র থেকে নামটি নেওয়া হয়েছে।

নিজের অপরাধজগতের অতীত নিয়ে রাখঢাক করেন না ডারহাম। সিএনএনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ব্যাংক, সেফ ডিপোজিট ভল্ট, সাঁজোয়া গাড়ি থেকে চুরি করেছি। যা কল্পনা করতে পারেন, সবই চুরি করেছি।’

২০০২ সালে এক সহযোগীকে নিয়ে আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘরে ঢুকে দুটি চিত্রকর্ম চুরি করেন ডারহাম। পরে গ্রেপ্তার হয়ে কারাদণ্ড ভোগ করেন তিনি। তবে তার আগেই চুরি করা ছবিগুলো এক কুখ্যাত অপরাধীর কাছে বিক্রি করেছিলেন। পরে ওই অপরাধীর কাছ থেকে চিত্রকর্ম দুটি উদ্ধার করা হয়।

চুরি যাওয়া শিল্পকর্ম উদ্ধারে ভূমিকা

অপরাধজগৎ থেকে সরে এলেও চুরি যাওয়া শিল্পকর্মের প্রতি আগ্রহ হারাননি ডারহাম। তবে এখন তাঁর উদ্দেশ্য চুরি করা নয়, বরং চুরি যাওয়া মূল্যবান শিল্পকর্ম উদ্ধার করা। এ কাজে তিনি অপরাধজগতের পুরোনো যোগাযোগগুলো ব্যবহার করেন।

ডারহাম এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না। তাঁর ভাষায়, কাজটি তিনি মূলত আনন্দের জন্য করেন। মানুষকে খুশি করতে পারলে তাঁর ভালো লাগে।

তবে তাঁকে পুলিশের তথ্যদাতা বলা হলে আপত্তি করেন ডারহাম। তিনি বলেন, ‘আমি তথ্যদাতা নই, আমি যোগাযোগের মাধ্যম। দুটির মধ্যে বড় পার্থক্য আছে। আমি পুলিশের সঙ্গে কথা বলি না।’

ডারহাম কাজ করেন ডাচ শিল্পকর্ম অনুসন্ধানী আর্থার ব্র্যান্ডের সঙ্গে। শিল্পজগতে ব্র্যান্ড ‘ইন্ডিয়ানা জোনস’ নামে পরিচিত।

২০২০ সালে নেদারল্যান্ডসের একটি জাদুঘর থেকে ভ্যান গঘের ‘স্প্রিং গার্ডেন’ চিত্রকর্মটি চুরি হয়েছিল। ২০২৩ সালে নীল রঙের একটি আইকিয়া ব্যাগে ভরে সেটি ব্র্যান্ডের কাছে হস্তান্তর করা হয়। চিত্রকর্মটি উদ্ধারে ডারহামের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে জানান ব্র্যান্ড।

ব্র্যান্ড আরও উদ্ধার করেছেন পোল্যান্ড থেকে ১৯৭০-এর দশকে চুরি হওয়া পিটার ব্রুগেলের একটি বিখ্যাত শিল্পকর্ম এবং নাৎসি নেতা হারমান গোরিংয়ের হাতে লুট হওয়া এক ইহুদি পরিবারের চিত্রকর্ম। শিল্পকর্ম কেনার আগে সংগ্রাহকদের পরামর্শ দিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। উদ্ধারকাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না।

ইউরোপজুড়ে জাদুঘরে চুরি

গত বছরের অক্টোবরে দিনের আলোয় ল্যুভরে ঢুকে নেপোলিয়ন আমলের মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যায় চোরেরা। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সের আরেকটি জাদুঘরে চুরি হয়। সেখান থেকে এক লাখ ডলারের বেশি মূল্যের স্বর্ণ ও রুপার মুদ্রা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর থেকে ইউরোপের বিভিন্ন জাদুঘর, আর্ট গ্যালারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে।

গত মাসে ফ্রান্সের রেনোয়া জাদুঘর থেকে দুটি রেনোয়া চিত্রকর্ম চুরি হয়। কয়েক সপ্তাহ পর সেগুলো উদ্ধার করা হয়। এর আগে মার্চে ইতালির পারমার কাছে ম্যাগনানি রোকা ফাউন্ডেশন থেকে রেনোয়া, সেজান ও মাতিসের তিনটি চিত্রকর্ম চুরি হয়েছিল। সেগুলোও পরে উদ্ধার করা হয়।

গত আগস্টে সিসিলির একটি জাদুঘর থেকে আন্তোনেলো দা মেসিনার আঁকা রেনেসাঁ যুগের চারটি চিত্রকর্ম চুরি হয়। একই মাসে অস্ট্রিয়ার ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টস থেকে ৪০ লাখ ডলারের একটি হীরার নেকলেস নিয়ে যায় চোরেরা।

ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘরে চুরির ঘটনায় অপরাধীরা ক্রমেই বেশি বেপরোয়া, সহিংস ও আক্রমণাত্মক হয়ে উঠছে।

ব্র্যান্ড বলেন, শিল্পকর্ম চুরির ঘটনা নতুন নয়। তবে ল্যুভরের ঘটনার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সাবেক চোরদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, ল্যুভরের ঘটনা দেখে বর্তমান অপরাধীরা একই ধরনের চুরিতে উৎসাহিত হচ্ছে।

তাঁর মতে, অপরাধীরা ভাবছে, ল্যুভরের মতো জাদুঘর থেকে যদি শিল্পকর্ম চুরি করা সম্ভব হয়, তাহলে স্থানীয় জাদুঘরগুলো থেকে চুরি করা আরও সহজ।

ব্যাংকে নগদ অর্থ কমে যাওয়া এবং গয়নার দোকানে নিরাপত্তা জোরদার হওয়ার কারণে চোরেরা এখন জাদুঘরকে সহজ লক্ষ্য হিসেবে দেখছে বলেও মনে করেন ব্র্যান্ড।

কেন ইউরোপের জাদুঘরগুলো ঝুঁকিতে

বিশ্বজুড়ে শিল্পকর্ম চুরির ঘটনা ঘটলেও ইউরোপের জাদুঘরগুলো বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন ব্র্যান্ড। তাঁর মতে, বিশ্বের বাণিজ্যিকভাবে মূল্যবান শিল্পকর্মের বড় অংশ ইউরোপে রয়েছে। পাশাপাশি অনেক জাদুঘরই শত শত বছরের পুরোনো ভবনে অবস্থিত।

ব্র্যান্ড বলেন, ইউরোপের জাদুঘরগুলোতে সাধারণত সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকে না। অনেক প্রতিষ্ঠান ঐতিহাসিক ভবনে পরিচালিত হয়, যেগুলোর নিরাপত্তাব্যবস্থা আধুনিক দুর্গের মতো নয়।

বেলজিয়ামভিত্তিক জাদুঘর নিরাপত্তা বিশেষজ্ঞ ইব্রাহিম বালুত বলেন, ল্যুভর, ভিয়েনার জাদুঘর ও রেনোয়া জাদুঘরের মতো প্রতিষ্ঠানে চোরেরা ঢুকে তিন মিনিটেরও কম সময়ে মূল্যবান বস্তু নিয়ে পালিয়েছে। এ ধরনের ঘটনায় ভাঙচুর করে দ্রুত চুরি করার প্রবণতা বাড়ছে।

বালুতের মতে, অপরাধীরা এখন হাতুড়ি, কুঠার, শাবল এমনকি বিস্ফোরকও ব্যবহার করছে। ব্যাটারিচালিত বৈদ্যুতিক সরঞ্জাম সহজে বহন করা যায় এবং দ্রুত কাজ করা সম্ভব হওয়ায় চুরির ঝুঁকি বেড়েছে।

জাদুঘরের মূল উদ্দেশ্য দর্শনার্থীদের জন্য শিল্পকর্ম উন্মুক্ত রাখা। এ কারণে ব্যাংক বা গয়নার দোকানের মতো প্রবেশ নিয়ন্ত্রণ করা কঠিন। অনেক ক্ষেত্রে একটি কাচের বাক্স বা নিরাপত্তারক্ষীই দর্শনার্থী ও মূল্যবান শিল্পকর্মের মধ্যে একমাত্র বাধা।

বালুত বলেন, অপরাধীরা চুরির আগে জাদুঘর ঘুরে দেখে, কোন জিনিস সহজে নেওয়া যাবে এবং পালানোর পথ কতটা সুবিধাজনক। তাই শুধু ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন প্রশিক্ষিত কর্মী, যথাযথ ঝুঁকি মূল্যায়ন, শক্তিশালী প্রদর্শনী বাক্স, কার্যকর অ্যালার্ম এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা।

শিল্পকর্ম বিক্রি করাই বড় চ্যালেঞ্জ

ব্র্যান্ডের মতে, গত এক দশকে শিল্পকর্ম চুরির ধরনেও পরিবর্তন এসেছে। অপরাধীরা এখন স্বর্ণ, রুপা ও হীরার দিকে বেশি ঝুঁকছে। কারণ, এসব গলিয়ে বা নতুনভাবে কেটে ফেললে আসল মালিকানা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তবে মূল্যবান চিত্রকর্ম চুরির পেছনেও অপরাধীদের ভুল ধারণা কাজ করে। ভ্যান গঘের একটি ছবি কোটি কোটি ডলারের হতে পারে, কিন্তু চুরি করলেই তা বিক্রি করা সহজ নয়।

ব্র্যান্ড বলেন, চুরির পরদিনই অপরাধীরা জানতে পারে, ছবিটি বিশ্বের বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারে চিহ্নিত হয়ে গেছে। ফলে সেটি প্রকাশ্যে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

তবে অপরাধজগতের কেউ কেউ চুরি করা শিল্পকর্মকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ব্র্যান্ডের দাবি, কালোবাজারে চুরি করা একটি চিত্রকর্মের মূল্য বৈধ বাজারমূল্যের মাত্র ১০ শতাংশ হতে পারে। কোনো অপরাধী গ্রেপ্তার হলে শাস্তি কমানোর দর-কষাকষিতে সেটি ব্যবহার করতে পারে।

আর্ট ক্রাইমবিষয়ক গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিসার্চ ইনটু ক্রাইমস এগেইনস্ট আর্টের প্রধান লিন্ডা অ্যালবার্টসন বলেন, মূল্যবান ও সহজে বহনযোগ্য শিল্পকর্ম, নিরাপত্তার দুর্বলতা এবং সীমিত নিরাপত্তাসম্পদ একসঙ্গে অপরাধীদের সুযোগ তৈরি করে।

তাঁর মতে, কিছু জাদুঘর নিরাপত্তা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিলেও অনেক প্রতিষ্ঠানে এখনো গুরুতর ঘাটতি রয়েছে। শুধু ক্যামেরা দিয়ে চুরির ঘটনা রেকর্ড করা সম্ভব, কিন্তু তা সব সময় চুরি ঠেকাতে পারে না। প্রয়োজন প্রশিক্ষিত কর্মী, নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন, কার্যকর অ্যালার্ম এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার মহড়া।

অ্যালবার্টসন বলেন, নিরাপত্তাব্যবস্থা উন্নত করার জন্য অর্থদাতা ও পৃষ্ঠপোষকেরা সচরাচর এগিয়ে আসেন না। অথচ কোনো সংগ্রহশালা অপরাধীদের লক্ষ্যবস্তু হবে কি না, তা অনেক সময় নিরাপত্তায় বিনিয়োগের ওপর নির্ভর করে।

তাঁর ভাষায়, ‘আমরা সাংস্কৃতিক ঐতিহ্যকে অমূল্য বলতে পারি না, অথচ সেটির সুরক্ষাকে ঐচ্ছিক ব্যয় হিসেবে বিবেচনা করতে পারি না।’

এদিকে, ডারহাম এখনো মনে করেন, ল্যুভরের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা রয়েছে। সম্প্রতি জাদুঘরটি পরিদর্শন করে কয়েকটি জানালায় ফাটল দেখতে পেয়েছেন বলে দাবি করেন তিনি।

গত বছরের চুরির প্রবেশপথে লোহার বেড়া ও ক্যামেরা বসানো হলেও পাশের জানালাগুলোর অবস্থা আগের মতোই রয়েছে বলে তাঁর অভিযোগ।

ল্যুভর কর্তৃপক্ষ এ বিষয়ে সিএনএনের প্রশ্নের জবাব দেয়নি। ডারহামের দাবি, জাদুঘর কর্তৃপক্ষ তাঁকে নিরাপত্তা পরামর্শ দেওয়ার সুযোগ দিলে তিনি এখনো সেখানে প্রবেশ করতে পারবেন—তা দেখিয়ে দিতে প্রস্তুত।

 


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা