পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রায় প্রতিটি আসরেই লাহোর কালান্দার্সের হয়ে খেলেন কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটার। সর্বশেষ গ্লোবাল সুপার লিগের জন্য শামীম পাটোয়ারিকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার বাংলাদেশের তরুণ ও উঠতি ক্রিকেটারদের নিয়ে বড় পরিকল্পনা করছে লাহোর কালান্দার্স।
লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা জানিয়েছেন, পিএসএলের আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশের কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে তাঁদের বিশেষ পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনায় বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে। তাঁদের নাম এখনই বলতে চাই না। তবে এটুকু বলে রাখি, তাঁরা বড় তারকা নন। প্রতিপক্ষ দলও আমার পছন্দের খেলোয়াড়দের নিতে চায়। ইটস আ ফ্যামিলি। মানি ডাজ়ন্ট ম্যাটার। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার রাডারে আছেন। তাঁদের পিএসএলে দেখতে পাবেন।’
লাহোর কালান্দার্সের সর্বশেষ শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা। তাঁকে আবারও দলে পেতে চান জানিয়ে সামিন বলেন, ‘নাহিদকে যে দলই পাক, নিজেদের ভাগ্যবান মনে করবে। এখন বাংলাদেশি খেলোয়াড়দের দলে নিচ্ছে দলগুলো। একসময় এত খেলোয়াড় নিত না। নাহিদ নিলামে থাকলে আমার রাডারে অবশ্যই থাকবে।’
তিনি আরও বলেন, ‘নাহিদের চেয়েও রোমাঞ্চকর তরুণ প্রতিভা আছে। আমি তাঁদের সুযোগ দিতে পারলে আরও খুশি হব। তরুণরা বাড়তি উদ্যম নিয়ে আসে। রিশাদের কথাই বলি, কিংবা মিরাজ—কালান্দার্সের হয়ে খেলে মিরাজ ওয়ানডে দলের অধিনায়ক হয়েছে। ইমন, গ্লোবাল সুপার লিগে যাকে নিয়েছিলাম, সেই শামীম—এই তরুণরাই কালান্দার্সকে এগিয়ে নেয়। তারা নিজেদের সেরাটা দেয়। তারা শতভাগ নয়, দুইশ ভাগ দেয়। হার-জিত খেলার অংশ। প্যাশনটাই আসল।’
লাহোর কালান্দার্সের মালিক আরও বলেন, ‘ট্রফি জয়ের চেয়ে কারও ক্যারিয়ার গড়ে দেওয়া বড় ব্যাপার। আমার স্বপ্ন তরুণদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া, সুপারস্টার তৈরি করা। এ কারণেই বাংলাদেশ নিয়ে আমি রোমাঞ্চিত।’
জি বাংলা ডেস্ক