মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যার অভিযোগ তুলে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন যুবদলের কর্মী ও এলাকাবাসী।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে।
স্বজন ও স্থানীয়দের দাবি, সাকের হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে মাথার পেছনের ছিদ্রটি গুলির ক্ষত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকের হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর মাথার পেছনে ছিদ্রের চিহ্ন দেখতে পান চিকিৎসক। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হাসান জানান, বুধবার ভোরে কয়েকজন ব্যক্তি সাকের হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মাথার পেছনে ছিদ্রের চিহ্ন পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। মৃত্যুর পেছনের কারণ তদন্ত শেষে জানানো হবে।
জি বাংলা ডেস্ক