ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সদস্য ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে পৌর শহরের মাস্টারপাড়া মহল্লার ঝলক পূজামণ্ডপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সঞ্জীব চৌহান ওই এলাকার শ্যামলাল চৌহানের ছেলে।
পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, মাস্টারপাড়া মহল্লায় ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বুধবার রাতে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকে তোলার পর সেটি পাশের রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চবিদ্যালয়-সংলগ্ন অনন্ত সাগর পুকুরঘাটে নেওয়ার প্রস্তুতি চলছিল।
এ সময় ট্রাকটি মণ্ডপ থেকে বের হওয়ার পথে রাস্তার ওপর একটি বৈদ্যুতিক তার ঝুলে থাকতে দেখা যায়। সঞ্জীব হাত দিয়ে তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সঞ্জীবের স্ত্রী শীলা চৌহান বলেন, “আমাকে বলে ঘর থেকে বের হয়ে যান মণ্ডলের উদ্দেশে। কিছুক্ষণ পরই শুনি, তিনি মারা গেছেন। আমার দুইটা সন্তান বাবা হারা হয়ে গেল।”
ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সভাপতি অজিত চৌহান বলেন, সঞ্জীব তাঁদের পূজা কমিটির সদস্য ছিলেন। প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার সময় রাস্তার ওপর ঝুলে থাকা তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মণ্ডপের আলোকসজ্জা ও বিদ্যুতের কাজের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়ী করে অজিত চৌহান বলেন, মণ্ডপের বৈদ্যুতিক তারে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে। আগে থেকে তারের ত্রুটি পরীক্ষা করা হলে দুর্ঘটনাটি এড়ানো যেত বলে তিনি মন্তব্য করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জি বাংলা ডেস্ক