রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. শামীম (৩৪) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শামীম পেশায় একজন মুরগি ব্যবসায়ীর কর্মচারী ছিলেন। তিনি পটুয়াখালীর কলাপাড়া থানার পূর্ব টিয়াখালী গ্রামের মো. শাহজাহানের ছেলে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর জানান, বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় শামীম অটোভ্যানে করে মুরগি নিয়ে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির ট্রাক তার অটোভ্যানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মিজানুর আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জি বাংলা ডেস্ক