ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সরব তিনি। ব্যক্তিজীবনে চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার উপায় নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন বর্ষা। তার মতে, কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়; সেই সম্পর্কের পেছনে সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক বন্ধন তৈরিতে বিনিয়োগ করতে হয়।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা লেখেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেখানে ‘ইনভেস্ট’ করতে হবে। তবে এই বিনিয়োগ বলতে শুধু অর্থ বোঝায় না। জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্কের ক্ষেত্রে সময়, ব্যবহার, যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করাই গুরুত্বপূর্ণ।
বর্ষার ভাষায়, সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হলো—সময় দেওয়া, ভালো ব্যবহার করা, যত্ন নেওয়া এবং একজন মানুষকে পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা।
তিনি বলেন, কাউকে যদি সত্যিই জীবনে দীর্ঘদিন রাখতে চান, তাহলে তাকে পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা উচিত। এতে সময়ের সঙ্গে সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হয়। তখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ সেই সম্পর্কগুলোর ভবিষ্যৎ নিয়েও ভাবেন।
বর্ষা আরও বলেন, বাবা-মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পছন্দের মানুষটির পরিচয় করিয়ে দিয়ে তাকে পারিবারিকভাবে আপন করে নেওয়া যেতে পারে। এতে সম্পর্কটি শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও একটি বন্ধন তৈরি হয়।
তার মতে, পারিবারিক সম্পৃক্ততার মাধ্যমে একটি সম্পর্কে মায়া, সম্মান ও দায়বদ্ধতা বাড়ে। তাই কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসার ওপর নির্ভর না করে সময়, যত্ন, আন্তরিকতা, ভালো ব্যবহার ও পারিবারিক বন্ধন তৈরিতেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিনোদন ডেস্ক