রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো আগুন লাগেনি এবং কেন্দ্রটির কার্যক্রমেও কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএইএ জানায়, রুশ কর্তৃপক্ষ তাদের জানিয়েছে—বৃহস্পতিবার ভোরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর ইউনিটের কুলিং টাওয়ারে একটি ড্রোন আঘাত হানে।
আইএইএ জানায়, ঘটনার সময় সংশ্লিষ্ট রিঅ্যাক্টর ইউনিটটি চালু ছিল। তবে ড্রোন আঘাতের পরও ইউনিটটির কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি। কোথাও আগুন লাগার ঘটনাও ঘটেনি।
রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত। কেন্দ্রটির আশপাশে সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সতর্ক করে আসছে আইএইএ।
সংস্থাটি বলেছে, পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা যেখানেই ঘটুক, তা পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি আবারও সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে কোনো পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়।
আন্তর্জাতিক ডেস্ক