মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এদিকে, প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে এটি দ্বিপক্ষীয় বিষয় হওয়ায় উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে বৈঠকের আয়োজন বিবেচনা করা হবে বলে জানান তিনি।
জি বাংলা ডেস্ক