বাসের পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়াও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন ভাড়া একই দিন থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। এতে ১০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা এবং এর বেশি দূরত্বের ক্ষেত্রে ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭১ পয়সা হয়েছে।
নতুন হারে কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া ৭ দশমিক ৪৬ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ৭ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়াও ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।
জি বাংলা ডেস্ক