রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।
শফিকুর রহমান বলেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ভাঙচুর করে সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শফিকুর রহমান আরও বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে একপর্যায়ে জনগণের হাতে তাদের শাস্তি পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, মুখোশধারী ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করার পর ওষুধ, টিকা, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী লুট করে এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলে। এ ঘটনায় কেন্দ্রটির নির্বাহী পরিচালক শাহ আলী থানায় মামলা করেছেন।
ঘটনার সঙ্গে জমি দখলের বিরোধের অভিযোগও উঠেছে। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তবে তিনি ঘটনাটিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
জি বাংলা ডেস্ক