বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। অর্থনীতি, সমাজ ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জামায়াতে ইসলামীর জনশক্তিকে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে।
শনিবার চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে উপজেলা-থানা শূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর প্রতি আগ্রহ বাড়ছে। তাই সময়ের চাহিদা অনুযায়ী সংগঠনের জনশক্তিকে নিজেদের প্রস্তুত করতে হবে। রাজনৈতিকভাবে আগ্রাসী দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ভূখণ্ড দখলের পরিবর্তে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে সরকারকে নিজেদের অধীনস্থ করে রাখার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াতে ইসলামী নীতিগতভাবে অবস্থান করবে।
সংগঠনের জনশক্তিকে আত্মউন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। আদর্শ ও আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তরুণ ও যুবসমাজের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন এবং মানুষের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, সংগঠনের মধ্যে ভিন্নমতের প্রতি সম্মান, গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধের চর্চা, দুর্নীতি ও নৈতিকতাহীনতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান, নারী জনশক্তির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলনের কাজকে আমানত হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো. মাসুম ‘সংগঠন পরিচালনায় ইসলামী নীতি’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইসলাম মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। মানুষের হৃদয় ও মন জয় করে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি সংগঠনের দায়িত্বশীলদের আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম ‘সুন্নাতে রাসুল (সা.)-এর আলোকে জীবন গঠন’ বিষয়ে বক্তব্য দেন। তিনি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের পাশাপাশি ঈমান ও আকিদা, ইবাদত, ফরজ-ওয়াজিব, সুন্নত-নফল, পরিবার, প্রতিবেশী, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জিকির ও দোয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ স্থানীয় সরকারকে গণতন্ত্রের প্রাথমিক ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, এ খাত নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান এবং রাজধানীর ওপর চাপ কমাতে স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা প্রয়োজন। প্রান্তিক মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে স্থানীয় সুশাসন প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, সংগঠনের ভেতরে সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সংগঠন পরিচালনায় আদেশ ও আনুগত্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতৃত্বের দোহাই দিয়ে কর্তৃত্বের পর্যায়ে যাওয়া যাবে না; বরং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। ইহতেসাব ও মুহাসাবার মাধ্যমে নিজেদের সংশোধন এবং অনর্থক কাজ থেকে বিরত থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বারসহ চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন থানার শূরা ও কর্মপরিষদ সদস্যরা।
শিক্ষাশিবিরের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন।
জি বাংলা ডেস্ক