সকালের ব্যস্ততায় নাস্তা তৈরির ঝামেলা এড়াতে অনেকেই না খেয়েই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা বাড়তি বিড়ম্বনার। তবে নাস্তা মানেই যে চুলার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, তা নয়। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর খাবার।
ব্যস্ততার মাঝেও দিনের শুরুটা স্বাস্থ্যকর করতে তাই থাকছে কয়েকটি সহজ ‘নো-কুক’ নাস্তার রেসিপি। এগুলো তৈরিতে চুলার প্রয়োজন নেই, সময়ও লাগে খুব কম।
দই-চিড়া
সকালের নাস্তায় দই-চিড়া হতে পারে সহজ ও পরিচিত একটি খাবার। একটি বাটিতে পরিমাণমতো চিড়া ধুয়ে ৫ থেকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। নরম হলে এর সঙ্গে দই ও স্বাদমতো লবণ মিশিয়ে নিন। চাইলে কলা, আম কিংবা সামান্য চিনি যোগ করা যায়। দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন।
ওটস
চিড়া পছন্দ না হলে ওটস হতে পারে বিকল্প। আধা কাপ ওটসের সঙ্গে এক গ্লাস দুধ বা টক দই এবং সামান্য মধু মিশিয়ে রাতে ফ্রিজে রেখে দিন। সকালে এর সঙ্গে কলা, কিশমিশ কিংবা কুচি করা বাদাম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সহজ নাস্তা।
ওটস ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে।
স্যান্ডউইচ
ঝটপট নাস্তার তালিকায় স্যান্ডউইচ বেশ জনপ্রিয়। ব্রাউন ব্রেডের মধ্যে ডিম পোজ দিয়ে সহজেই স্যান্ডউইচ তৈরি করা যায়। চাইলে বাটার বা জেলিও ব্যবহার করতে পারেন। সঙ্গে এক গ্লাস ফলের জুস থাকলে সকালের নাস্তাটি আরও পরিপূর্ণ হতে পারে।
পিনাট বাটার ও কলা টোস্ট
লাল আটার পাউরুটি হালকা সেঁকে নিয়ে এর ওপর পিনাট বাটার মাখিয়ে নিন। এরপর কয়েক টুকরা কলা দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। ব্যস্ত সকালে অল্প সময়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই নাস্তা।
ফ্রুট সালাদ ও বাদাম
কলা, আপেল, পেয়ারা কিংবা পছন্দের অন্য দুই-তিন ধরনের ফল ছোট টুকরা করে নিন। এর সঙ্গে এক মুঠো চিনাবাদাম বা কাঠবাদাম মিশিয়ে নিলেই তৈরি হবে ফ্রুট সালাদ। সহজ এই নাস্তায় ফলের পাশাপাশি বাদাম থেকেও পুষ্টি পাওয়া যায়।
ব্রেকফাস্ট স্মুদি
ব্লেন্ডারে এক গ্লাস দুধের সঙ্গে পরিমাণমতো ওটস, একটি কলা ও এক চামচ পিনাট বাটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে পান করুন। ব্যস্ত সকালে দ্রুত তৈরি করা নাস্তা হিসেবে এটি বেশ সুবিধাজনক।
পাউরুটি-দুধ
আরও সহজ কিছু চাইলে উষ্ণ দুধের সঙ্গে পাউরুটি খেতে পারেন। সময় কম থাকলে এটি হতে পারে সকালের নাস্তায় সবচেয়ে সহজ বিকল্পগুলোর একটি।
ডিম ও ফল
সকালের নাস্তায় সেদ্ধ ডিমও রাখা যেতে পারে। চাইলে অমলেটের সঙ্গে একটি কলা বা অন্য কোনো ফল খেতে পারেন। ডিম প্রোটিনের ভালো উৎস হওয়ায় এটি নাস্তায় যুক্ত করা যেতে পারে।
সবশেষে, সময় একেবারেই কম থাকলে বিভিন্ন ধরনের ফলও নাস্তা হিসেবে বেছে নেওয়া যায়। কলা, আপেল, পেয়ারা কিংবা অন্য কোনো মৌসুমি ফল সহজেই সঙ্গে নেওয়া যায়। তবে সুষম নাস্তার জন্য সম্ভব হলে ফলের সঙ্গে প্রোটিন ও শস্যজাতীয় খাবারও রাখা ভালো।
জি বাংলা ডেস্ক