হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।
জি বাংলা ডেস্ক