ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রনেতা সাদিক কায়েমকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। পোস্টে তিনি ইসলামপন্থীদের একাংশের ভূমিকা ও অবস্থানের সমালোচনা করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী অভিযোগ করেন, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং পশ্চিমা বিশ্বকে সন্তুষ্ট করার চেষ্টা থেকে ইসলামপন্থীদের কেউ কেউ নিজেদের আদর্শ থেকে সরে যাচ্ছেন।
পোস্টে তিনি লেখেন, ডাকসু ও সাদিক কায়েমের বিষয়ে আর কিছু লিখবেন না ভেবেছিলেন। তবে তার অভিযোগ, এ বিষয়ে সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করবেন না। তিনি দাবি করেন, “এরা এখন প্ল্যানিং করে আমেরিকা ও তাদের পশ্চিমা আব্বুদের খুশি করছে।”
রফিকুল ইসলাম মাদানী আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বক্তব্যের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করে জনমত গঠনের চেষ্টা চলছে। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের খেলাধুলা ও পোশাক নিয়ে ওঠা বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।
তার পোস্টে মূল প্রশ্ন হিসেবে তিনি সাদিক কায়েমের মতো ইসলামি নামধারী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তির কোনো ক্রীড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ততা এবং সেখানে নারী খেলোয়াড়দের উপস্থিতিতে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ইসলামী বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন।
রফিকুল ইসলাম মাদানী দাবি করেন, ইসলামি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো আয়োজনের প্রকাশ্য সমর্থন বা উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে ইসলামী ফতোয়া বোর্ডের মতামত নেওয়া হলে কী সিদ্ধান্ত আসতে পারে, সেটিও বিবেচনা করা উচিত।
পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার লক্ষ্য থেকে ইসলামপন্থীদের কেউ কেউ আগামী এক-দুই বছরে নিজেদের ‘মডারেট’ ও ‘প্রগতিশীল’ হিসেবে তুলে ধরতে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করতে পারেন।
তবে রফিকুল ইসলাম মাদানীর এসব বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে করা অভিযোগ ও মন্তব্য। এ বিষয়ে সাদিক কায়েম বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক