পিরোজপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. লিমন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল হাওলাদার (৩৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের একটি বসতঘরে এ অভিযান চালানো হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব।
গ্রেপ্তার লিমন হোসেন সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। পলাতক রবিউল হাওলাদার ভৈরমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, রবিউল হাওলাদারের বসতঘরে কয়েকজন মাদক বেচাকেনার জন্য অবস্থান করছেন। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে লিমনকে গ্রেপ্তার করে। রবিউল পেছনের পথ দিয়ে পালিয়ে যান।
ডিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া ২০০ পিস ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। এ ঘটনায় ডিবির এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে লিমন ও রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন।
পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। পলাতক রবিউল হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আন্তর্জাতিক ডেস্ক