ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ মার্কিন বাহিনী ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে সামরিক নেতাদের এক সমাবেশে তিনি এ দাবি করেন।
হেগসেথ বলেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক নেতৃত্ব এবং সামরিক শিল্প সক্ষমতার ওপর আঘাত হেনেছে। মার্কিন সেনাদের প্রশংসা করে তিনি দাবি করেন, তারা ইরানের ‘পুরো প্রতিরক্ষা কাঠামো’ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরানের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সক্ষমতা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
হেগসেথ বলেন, পেন্টাগন বর্তমানে অতীতের তুলনায় ‘স্পষ্ট পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য এখন যুদ্ধ পরিচালনা এবং সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকা।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে প্রায় ১০ শতাংশ জেনারেল ও অ্যাডমিরালকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এটিকে ‘শুদ্ধি অভিযান’ হিসেবে দেখছেন না তিনি। হেগসেথের দাবি, এটি সামরিক বাহিনীতে জবাবদিহি নিশ্চিত করার অংশ।
তবে ইরানের সামরিক সক্ষমতার কতটা ক্ষতি হয়েছে এবং হেগসেথের উল্লিখিত দাবিগুলোর পরিমাণগত দিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক