একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৬:২১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৬:২১:০৪ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস দুপুর দেড়টার দিকে বাইপাস সড়কের পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে অটোরিকশার ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তাঁর মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)।

পুলিশ জানায়, মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। এদিকে দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, অটোরিকশার ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। তাঁদের দাবি, বাইপাস সড়কের ওই এলাকায় প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে তাঁরা ওই এলাকায় স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন। তবে বাসটি ঠিক কী গতিতে চলছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০