ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের ডাউন লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে এ ঘটনা ঘটে। পরে রেলকর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করা হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। স্টেশনের ইয়ার্ডের কাছে পৌঁছালে ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করেন রেলকর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা হয়। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, লাইনচ্যুতের কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।