রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৫০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৫০:০৪ অপরাহ্ন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারের উচিত তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়নে সরকার ছয় মাস বিলম্ব করলেও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে উভয়ের ফল ঘোষণা করা হয়েছে। একটি ভোটের ফল বৈধ হলে অন্য ভোটের ফলকে অবৈধ বলার সুযোগ নেই।

সংবিধান সংশোধনের মাধ্যমে সাময়িক পরিবর্তনের পরিবর্তে সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন সহজে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। একই সঙ্গে জনগণের প্রতি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবাগুলোকে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে হবে। এসব সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার প্রসঙ্গে মামুনুল হক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে। তাঁর দাবি, রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপর বর্তায় না; এর সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, খন্দকার আনোয়ার হুসাইন ও ডা. আল আমিন রাকীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০