পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৮:২৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৮:২৯:০৫ অপরাহ্ন

পাসপোর্টে বাবার পরিচয় পরিবর্তন করে দুই তরুণকে অন্য দুই ব্যক্তির সন্তান হিসেবে দেখিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই দুই তরুণসহ চারজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে চারজনের কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। তাদের বোর্ডিং পাসে রাত ৮টায় বোর্ডিংয়ের সময় উল্লেখ ছিল। চারজনের আসনও ছিল পাশাপাশি, ১০ নম্বর সারিতে।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু। তাদের মধ্যে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া বয়স্ক এবং আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু তরুণ।

ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাইয়ের সময় দেখতে পান, আতিকুর রহমানের পাসপোর্টে বাবার নাম হিসেবে মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম উল্লেখ রয়েছে। মায়ের নাম দেওয়া হয়েছে নাসিমা আক্তার। জরুরি যোগাযোগের ব্যক্তির নামের ঘরেও হেলাল উদ্দিনের নাম রয়েছে এবং সম্পর্ক হিসেবে ‘বাবা’ উল্লেখ করা হয়েছে। আতিকুর ও হেলাল উদ্দিনের পাসপোর্টে ঠিকানাও শরীয়তপুরের নড়িয়ার নবগ্রামের একই ঠিকানা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবার নাম হিসেবে মোহাম্মদ শাবুর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তাদের ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার কদমতলীর ৯৯০ পশ্চিম মোহাম্মদবাগ। অপুর জরুরি যোগাযোগের ব্যক্তির নামের ঘরেও শাবুর মিয়ার নাম এবং সম্পর্ক হিসেবে ‘বাবা’ লেখা রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, পাসপোর্টের তথ্য যাচাইয়ের সময় এসব অসংগতি ইমিগ্রেশন কর্মকর্তাদের নজরে আসে। অভিযোগ রয়েছে, দুই তরুণের পাসপোর্টে তাদের প্রকৃত বাবার পরিচয় পরিবর্তন করে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে দেখানো হয়েছে। তবে পাসপোর্টের অন্যান্য তথ্য অপরিবর্তিত রাখা হয়েছিল।

ইমিগ্রেশন কাউন্টারে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া ওই দুই তরুণকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দিয়ে একসঙ্গে দেশ ছাড়ার ছাড়পত্র নেওয়ার চেষ্টা করেন। তবে পাসপোর্টের তথ্যের অসংগতি ধরা পড়ায় দেশ ছাড়ার আগেই চারজনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চারজনের বয়সের মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। হেলাল উদ্দিনের পাসপোর্ট অনুযায়ী, তার জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ এবং আতিকুর রহমানের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং নাজমুল ফকির অপুর জন্ম ২০০৭ সালের ১২ মার্চ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, হেলাল উদ্দিন ও শাবুর মিয়ার বিদেশ ভ্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে দুই তরুণকে কী উদ্দেশ্যে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঘটনাটিকে এখনই মানব পাচারের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০