মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:০১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:০১:২৬ অপরাহ্ন

বিশ্বজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক ও জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিনেশ ত্রিবেদী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন সব মানুষ ও সব ধর্মের জন্য শান্তির প্রতীক। তার অহিংসার বার্তা আজও শান্তির পক্ষে কাজ করছে। বিশ্বে সহিংসতা বাড়তে থাকায় গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। তার মতো স্বচ্ছ ও পরিচ্ছন্ন মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন। ‘যত মত, তত পথ’—এই দর্শনে তিনি বিশ্বাস করতেন। তার দেখানো পথে প্রতিদিন চলার চেষ্টা করা উচিত।

ভারতীয় হাইকমিশনার বলেন, গান্ধীর জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তার চিন্তা ও দর্শন জীবনে প্রয়োগ করতে পারলে সমাজ ও মানুষ আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান দিয়েছিলেন। পরবর্তী সময়ে এর সঙ্গে ‘জয় বিজ্ঞান’ এবং ‘জয় অনুসন্ধান’ যুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গান্ধীর অহিংসার দর্শনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বহু বছর পরও বিশ্বের মানুষের কাছে মহাত্মা গান্ধী ভালোবাসা ও শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব। মানবতার জন্য তার দেওয়া বার্তা সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারাবে না।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।

এদিকে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ঢাকায় ১৮ থেকে ২৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চট্টগ্রাম সহকারী হাইকমিশনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন সেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০