বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:১১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:১১:৩৭ অপরাহ্ন

রাজধানীর লালবাগে দীর্ঘদিন বেদখলে থাকা ঢাকা সরকারি বধির হাই স্কুলের নামে বরাদ্দ এক একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি ভবিষ্যতে যাতে জমিটি ফের বেদখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (২ অক্টোবর) লালবাগে ঢাকা সরকারি বধির হাই স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ এবং লালবাগ বেড়িবাঁধ সড়কের মেরামত ও সংস্কারকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা সরকারি বধির হাই স্কুলের এক একর জমি পুনরুদ্ধারে ঢাকা জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও ডিএসসিসি সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছে। উদ্ধার করা জমিতে দ্রুত মজবুত সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে। পরবর্তী সময়ে সেখানে স্কুল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “উদ্ধার করা জমি নিয়ে কেউ নতুন দাবি জানালে তাকে বৈধ কাগজপত্র দেখাতে হবে। যাচাই-বাছাই ছাড়া কেবল দাবির ভিত্তিতে কোনো জায়গা ছাড়া হবে না।”

আবদুস সালাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা সরকারি বধির হাই স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ না নিলে ভবিষ্যতে তিনি নির্বাচিত হলে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন বধির শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। সিটি করপোরেশনে তাদের চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শুধু জমি উদ্ধার করলেই হবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও অন্যান্য অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জমিটিকে কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের আগে লালবাগ বেড়িবাঁধ সড়কের লবণ ফ্যাক্টরি সংলগ্ন সুইচগেট থেকে মদিনা ফিলিং স্টেশন পর্যন্ত সড়কের মেরামত ও সংস্কারকাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০