মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৪:৫৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৪:৫৬:০৫ অপরাহ্ন

বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এ মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং আখতারুজ্জামানের মুক্তি দাবি করেছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

গোলাম পরওয়ার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ অক্টোবরের ঘটনায় সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। লাগেজ, জমজমের পানি ও ট্রলি পেতে বিলম্ব হওয়ায় অনেক যাত্রীকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলা নাগরিক অধিকার।

মামলার অভিযোগ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে গায়ে হাত তোলা, আঘাত করা ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। তবে ওই সময় উপস্থিত সংসদ সদস্য কামাল হোসেনের বরাত দিয়ে তিনি দাবি করেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি বা কাউকে নাজেহাল করেননি। তাঁর বক্তব্য ভিডিওতেও দেখা যায় বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

বিমানবন্দরের অব্যবস্থাপনার ঘটনায় দুজনকে বরখাস্ত করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মধ্য দিয়ে কর্তৃপক্ষ সেখানে অব্যবস্থাপনা থাকার বিষয়টি স্বীকার করেছে। এ পরিস্থিতির প্রতিবাদ করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানান গোলাম পরওয়ার।

আখতারুজ্জামানকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া এবং হেলমেট পরানোরও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি প্রশ্ন তোলেন, আখতারুজ্জামান স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গিয়েছেন বলে দাবি করা হলেও তাঁকে কেন হেলমেট পরানো হলো। তাঁর মতে, এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

সমাবেশে গোলাম পরওয়ার সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, অতীতে বিএনপি ও জামায়াতে ইসলামী চারদলীয় জোটের অংশ হিসেবে একসঙ্গে রাজনৈতিক আন্দোলন করেছে। সে সময় জামায়াতকে এভাবে আখ্যায়িত করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতকে স্বাধীনতাবিরোধী, রাজাকার ও গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করার রাজনৈতিক দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ২০২৪ সালের আগে এ ধরনের বক্তব্য দেওয়া হয়নি; আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন আওয়ামী লীগের ভাষায় জামায়াতকে আক্রমণ করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।

সরকারের সঙ্গে দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থানের মিল থাকলে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে তার বিরোধিতা করবে বলে জানান গোলাম পরওয়ার। সরকার ভালো কাজ করলে সহযোগিতা এবং দেশবিরোধী কাজ করলে বিরোধিতা করার কথাও বলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০