বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় জ্বালানিটির দাম বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।
শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে একই পরিমাণ ডিজেলের দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে ইউরোপ সৌদি আরব ও কুয়েত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করত।
দ্বিতীয়ত, রাশিয়ার ডিজেল রপ্তানি কমে গেছে। ইউক্রেনের হামলায় দেশটির কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়া রপ্তানি কমিয়েছে বলে জানান অ্যাটকিনসন।
তৃতীয়ত, চীনও ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি আরও বেড়েছে।
অন্যদিকে সরবরাহ কমলেও ডিজেলের চাহিদা তুলনামূলকভাবে বেশি রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য কাটার মৌসুম চলায় আগামী কিছুদিন ডিজেলের চাহিদা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অ্যাটকিনসন।
তার মতে, একদিকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়া এবং অন্যদিকে চাহিদা বেশি থাকায় ডিজেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার জি-৭ের সিদ্ধান্ত বাজারে সরবরাহ বাড়াতে সহায়তা করতে পারে।