‘তীব্র প্রতিরোধে টিকতে না পেরে সীমান্ত থেকে পালিয়েছে মার্কিন বাহিনী’

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:০৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:০৬:৪৩ পূর্বাহ্ন

ইরানের তীব্র প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী দেশটির সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাবি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। তাঁর দাবি, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইসলামি প্রজাতন্ত্র ও আইআরজিসির প্রতিরোধের কারণে তারা সরে যেতে বাধ্য হয়েছে।

ফাদাবি আরও দাবি করেন, বর্তমানে ইরানের নিজস্ব বা সংলগ্ন জলসীমায় কোনো মার্কিন নৌযান নেই। তাঁর ভাষ্য, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগরেও বর্তমানে কোনো মার্কিন নৌযান উপস্থিত নেই।

আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ইরানের প্রতিরোধের কারণে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাতে নিজেদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

তবে ফাদাবির এসব বক্তব্যের স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বরং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বন্দরমুখী ও বন্দর থেকে বের হওয়া সামুদ্রিক যান চলাচলের ওপর নৌ-অবরোধ কার্যকর করছে। জুলাইয়ে অবরোধ পুনরায় চালুর ঘোষণা দিয়ে সেন্টকম জানিয়েছিল, এর আগে তারা শতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

ফাদাবির বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে হামলার ঘটনাও বেড়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতির কথা বলা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত সেনা ও নৌবহর মোতায়েনের পরিকল্পনার কথাও এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০