‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:৩৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:৩৬:০২ অপরাহ্ন

আগামী ১৪ নভেম্বর কানাডার টরন্টোতে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গাইছিলাম। সে সময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস, এবারের আয়োজনও দারুণ সাড়া পাবে। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

আয়োজকেরা জানান, বন্যার গান ও শিবলী-নিপা জুটির নাচের সঙ্গে অনুষ্ঠানে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতরা এবং জাহাঙ্গীর হোসেনের বাঁশি। বন্যার সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলার সমন্বয়ে সংগীত পরিবেশন করবেন বিভিন্ন দেশের যন্ত্রশিল্পীরা।

নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।

আয়োজক নৃত্যশিল্পী নাহিদ নাসরিন নয়ন বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লেজেন্ডস। এ সুযোগ সত্যিই বিরল। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি, আপনারা সবাই দলবেঁধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।’

১৪ নভেম্বর শনিবার টরন্টোর ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্ক, অন্টারিও এম৩এ ১এ৩-এ অবস্থিত টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি হবে। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৫টায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি শ্রেণিতে। ভিভিআইপি টিকিটের দাম ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। এ ছাড়া ই-ট্রান্সফারের মাধ্যমেও টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০