কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৪:৫৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৪:৫৪:০০ অপরাহ্ন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এসআরবি-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার নুরুল হক সোনাইমুড়ী উপজেলার রাজিবপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী থানার ৭ নম্বর বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর সাকিনের বজরা বাজার এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল।

অভিযানের সময় ইয়াকুব আলীর তিনতলা পাকা বাড়ির সামনে কাঁচা রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে এসআরবির সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হক একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০