নেদারল্যান্ডসে পূর্ণাঙ্গ বৃত্তি, মাসে মিলবে ১,৫৫০ ইউরো

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫০:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫০:০০ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে NL-High Potential Scholarship। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের মেধাবী শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আওতায় ১৮টি পূর্ণাঙ্গ স্কলারশিপ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃত্তির আওতায় টিউশন ফি, ভিসা আবেদন এবং স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমার খরচ বহন করা হবে। পাশাপাশি জীবনযাপনের জন্য প্রতি মাসে প্রায় ১ হাজার ৫৫০ ইউরো দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় আবাসনের ব্যবস্থাও করবে।

এক বছরের মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে বৃত্তির মেয়াদ ১৩ মাস। এ সময়ে জীবনযাপনের জন্য মোট ২০ হাজার ১৫০ ইউরো দেওয়া হবে। দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে বৃত্তির মেয়াদ ২৫ মাস এবং জীবনযাপনের জন্য মোট ৩৮ হাজার ৭৫০ ইউরো দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (ইইএ), সুইজারল্যান্ড ও সুরিনামের বাইরের দেশের নাগরিকরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২০২৭ সালের ১ সেপ্টেম্বর ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।

আবেদনকারীর আগের শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। সর্বশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্টে ১০-এর মধ্যে কমপক্ষে ৭ দশমিক ৫ জিপিএ অথবা ১০০ নম্বরের হিসাবে অন্তত ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে।

আবেদনকারীকে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির বৃত্তির আওতাভুক্ত কোনো পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের আবেদন সম্পন্ন করে সব ভর্তি-শর্ত ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে পূরণ করতে হবে।

যারা আগে নেদারল্যান্ডসে কোনো ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে উচ্চশিক্ষা নিয়েছেন, তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। তবে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

বৃত্তির আওতায় টিউশন ফি, ভিসা আবেদন এবং স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমার খরচ দেওয়া হবে। পাশাপাশি জীবনযাপনের খরচ হিসেবে মাসিক ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ করা আবাসন গ্রহণ করা বৃত্তির একটি শর্ত। দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের দ্বিতীয় বছরে আবাসনের ব্যবস্থা শিক্ষার্থীকে নিজেকেই করতে হবে।

বিমান টিকিটের খরচ বৃত্তির আওতায় নেই। এ ছাড়া আবাসনের জন্য আনুমানিক ৭৫ ইউরোর ক্লিনিং ফি শিক্ষার্থীকে দিতে হবে।

আবেদনের সময়সীমা

মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তির আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬। আবেদন করা যাবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট (CET) পর্যন্ত।

তবে বৃত্তির জন্য বিবেচিত হতে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন এবং প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬।

আবেদনের সঙ্গে সিভি, মোটিভেশন লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আর্থিক প্রয়োজনের বিবৃতি এবং অধ্যাপক, লেকচারার বা নিয়োগকর্তার একটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বৃত্তি। মোট আবেদনকারীর প্রায় ২ শতাংশ এ বৃত্তির জন্য নির্বাচিত হন।

বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিত প্রার্থীদের ২০২৭ সালের এপ্রিলের মধ্যে ফল জানানো হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগস্ট ২০২৭-এর প্রথম সপ্তাহে দুই সপ্তাহের বাধ্যতামূলক প্রি-অ্যাকাডেমিক ট্রেনিংয়ে অংশ নিতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০